
নিজস্ব প্রতিবেদক
চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ। তার বিরুদ্ধে হওয়া মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে আসার পরে তার যে অপকর্মগুলো রয়েছে, সেগুলো তদন্ত করে বের করা হবে।
তিনি আরও বলেন, লাশ দাফনের পর চিকিৎসা ও সিটি কর্পোরেশনের স্বাক্ষর ও সিল জাল করে মৃত সনদ তৈরি করতেন মিল্টন। সেই সিলগুলো উদ্ধার করা হয়েছে। আরও দু’জন ব্যক্তি থানায় রয়েছেন মামলা দায়ের করার জন্য। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মোট তিনটি মামলা রুজু হবে।