
বিনোদন ডেস্ক
নিজের পরিচালনার ‘তুফান’ ছবিটি মুক্তির আগেই বিতর্ক ও সমালোচনায় আছেন নির্মাতা রায়হান রাফি। তুফান মুক্তির পর শোনা যাচ্ছে, তার পরবর্তী ছবিতে টলিউডের কোনো সুপারস্টার অভিনয় করতে পারেন। এই তালিকায় রয়েছে টলিতারকা জিৎ, দেবের নাম। কিন্তু রাফি এই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছুই বলেননি। শুধু বলেছেন, তুফানের পরে বেশ কিছু কাজের অফার এসেছে। যেখানে ওপার বাংলার দুইজন তারকার নামও রয়েছে। তবে তাদেরকে হ্যাঁ, না কিছুই বলা হয়নি। একসঙ্গে বসাও হয়নি। আমার গল্পের জন্য যাকে লাগবে তাকেই নেবো ওই ছবিতে।
জানা গেছে, রাফি’র সেই বক্তব্যের অংশ ধরেই প্রচার করা হচ্ছে জিৎ ও দেব দুজনেই নির্মাতার সঙ্গে কাজ করতে চেয়েছেন। তিনি নাকি এখনও কাউকে কনফার্ম করেননি।বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে ওপার বাংলার সুপারস্টার দেবের। তিনি সরাসরি জানিয়েছেন, তার পক্ষ থেকে রাফিকে কোনো কাজের অফার দেওয়া হয়নি। পুরো বিষয়টিই মিথ্যা।
রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক স্টোরিতে রাফির বক্তব্যের কিছু অংশ তুলে ধরে দেব লিখেছেন, সত্যি নয় বিষয়টা। তবে তার জন্য শুভকামনা রইল।
এই মুহূর্তে ওপার বাংলায় দুই বড় স্টার দেব ও জিৎ। আর স্পষ্টতই রাফি সেদিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে দেব সরাসরি বলে দিলেন এমন কোনো ইচ্ছে তার নেই।