
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামী দক্ষিণ কেরাণীগঞ্জ থানা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরব’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০।
র্যাব ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, “৯ অক্টোবর (বুধবার) মাঝরাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-১০ এর আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় ডিএমপি ঢাকার শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। “
তিনি আরও জানান, গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ১৪ আগস্ট ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়।
এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।
অতঃপর উক্ত ঘটনায় মোঃ বাসার আহম্মেদ, বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় জসীম আহম্মেদ নীরবসহ ৩০১ জন এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা রুজুর বিষয়টি জানতে পেরে জসীম আহম্মেদ নীরবসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়। উক্ত ঘটনায়, র্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জের থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরবসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ০৯ অক্টোবর (বুধবার) মাঝরাত আনুমানিক ০২টা ৩০ মিনিটে র্যাব-১০ এর আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় ডিএমপি ঢাকার শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে উল্লেখিত মামলার ১০ নং এজাহার ভুক্ত আসামী ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহম্মেদ নীরবকে গ্রেফতার করে।
র্যার আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।