
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিখোঁজের ১৫ দিন পর মুদি ব্যবসায়ী রইচ উদ্দিনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে নলুয়া এলাকার একটি খালের ধারে বন কাটতে গিয়ে গলিত লাশটি দেখতে পান স্থানীয় বাসিন্দা তাহেজ ফকির। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
নিহতের পরিবারের দাবি, এটি নিখোঁজ রইচ উদ্দিনের লাশ। তাদের বক্তব্য অনুযায়ী, মৃতদেহের এক হাতে ছয়টি আঙুল থাকার কারণে তারা এটি চিহ্নিত করেছেন। তবে পুরোপুরি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী।
রইচ উদ্দিন গত ৩ নভেম্বর রাতে নিজের মুদি দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ৮ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবারের অভিযোগ, রইচ উদ্দিনকে হত্যা করে খালের ধারে ফেলে রাখা হয়েছে। মৃতদেহের অবস্থান, এবং এটি পাওয়ার পরিস্থিতি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ জানায়, লাশটি এতটাই গলে গেছে যে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিবারের দাবি এবং প্রমাণের ভিত্তিতে এটি রইচ উদ্দিনের লাশ বলে সন্দেহ করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।
এ ঘটনায় নলুয়া বটতলা গ্রামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ভিড় জমিয়েছে হাজারো উৎসুক জনতা।
উল্লেখ্য, হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।