
এইচ.এম.সাইফুল ইসলাম সাব্বির
মাগুরায় বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে নির্মমভাবে নিহত শিশু আছিয়ার হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর কলেজ মাঠে আয়োজিত গায়েবানা জানাজার পর সংগঠনের নেতারা এ দাবি জানান।
শিশু আছিয়া (৮) গত ৬ মার্চ মাগুরায় তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়। ঘটনার পরদিন (৭ মার্চ) তাকে গুরুতর অবস্থায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর ১৩ মার্চ দুপুর ১টায় সিএমএইচে মৃত্যু হয় তার।
গায়েবানা জানাজায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। জানাজার পর বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মোখলেছুর রহমান বলেন, “শিশু আছিয়ার হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই জঘন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায়, ছাত্রদল কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে কোনো শিশুকে যেন এ ধরনের নৃশংসতার শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানাই।”
গায়েবানা জানাজায় সাধারণ শিক্ষার্থীরাও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির জোরালো দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত বিচার নিশ্চিত না করা হয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।”
ছাত্রদল নেতারা জানান, “শিশু আছিয়ার হত্যার বিচার আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে। সভা-সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে এ দাবি আরও জোরালো করা হবে।”
গায়েবানা জানাজা শেষে ছাত্রদল নেতাকর্মীরা শপথ নেন যে, তারা এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে সব ধরনের আন্দোলন চালিয়ে যাবেন। নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।