
মো. নাজিউল্লাহ ভূইয়া
ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) বাদ আসর কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে কলাতিয়া ফতেহ নগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে জানাজাস্থলে শোকাহত মানুষের ঢল নামে। কান্না, আহাজারি ও ভারী আবেগে পুরো পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক।
জানাজা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান বলেন,“রাতের অন্ধকারে এখনও সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। নির্বাচনকে বাধাগ্রস্ত ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আপনারা ভয় পাবেন না—বিএনপি পরিবার আপনাদের পাশে আছে।”তিনি আরও বলেন,
“যারা নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। হাসান মোল্লার শোককে শক্তিতে পরিণত করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
এ সময় তিনি নিহত নেতার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জানাজা নামাজে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, সাধারণ সম্পাদক হাসমতউল্লাহ নবী, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান, নিহত হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন মোল্লা ও তাঁর ছেলে শুভ মোল্লা প্রমুখ।
এর আগে, জানাজার জন্য হাসান মোল্লার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় নেতার মরদেহ একনজর দেখতে মানুষের ভিড় জমে যায়।
এ ঘটনায় হযরতপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।