
ইবি সংবাদদাতা:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকদের নিয়ে শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসবের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (১ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।
উৎসবে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল ও ইয়াসিরুল কবির সৌরভসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক নির্মাণ শ্রমিক উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ শ্রমিকদের নিয়ে হাঁড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তাদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং মৌসুমি ফল তরমুজ বিতরণ করা হয়।
সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকরা বড় ভূমিকা পালন করে। তারাই আমাদের দেশের মূল স্টেকহোল্ডার। জুলাই গণঅভ্যুত্থানেও শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু দেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে তাদের তেমন স্বীকৃতি দেয়া হয় না। আমরা চাই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক।’
উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমরা এখনো শ্রমিক এবং মালিকের পার্থক্য ঘুচাতে পারিনি। শোষিত মানুষের অধিকার আদায়ে শ্রমিক শ্রেণিরা সবসময় আন্দোলন করে। এই শ্রমিকদের ঘামে মিশে আছে আমাদের উন্নয়ন। তাদের ঘামেই মিশে আছে আমাদের এই সুন্দর পৃথিবী। আমরা শ্রমিক ও মালিক কাঁধে কাঁধ মিলিয়ে এই বিশ্বকে সুন্দরভাবে গড়তে চাই।’