
মোঃ সালা্হউদ্দিন
সখিপুর প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে সব ধরনের মাদক ও জুয়া প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সখীপুর থানা পুলিশ। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে সন্দেহভাজন যুবকদের তল্লাশি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সখীপুর থানার পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় বাইরে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করা উঠতি বয়সী যুবকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে সতর্ক করে বাড়িতে চলে যেতে বলা হয়।
সখীপুর থানার এসআই ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমাদের কাছে প্রায় প্রতিদিনই অভিভাবকরা অভিযোগ করেন–তাদের ছেলেরা জুয়া ও মাদকাসক্ত হয়ে যাচ্ছে, পড়াশোনা করে না। অভিভাবক ও স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতেই সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমানের নির্দেশে গত পাঁচদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সখীপুরে যতদিন মাদক, জুয়া, বখাটেদের উৎপাত, ছিনতাই এবং ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত আমাদের এ অভিযান চলমান থাকবে। বর্তমানে এ অভিযান শুধু পৌরসভার ভেতরে হলেও পর্যায়ক্রমে সব জায়গা করা হবে।