
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখীপুরে নিজ মাকে হত্যার অভিযোগে অভিযুক্ত পুত্র মুরাদ আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
জানা গেছে, নিহত গৃহবধূ মুক্তা বেগম (৩৫) হত্যা মামলার প্রধান অভিযুক্ত তাঁরই সন্তান মুরাদ। পারিবারিক সূত্রে জানা যায়, মুরাদের বাবা আলহাজ মিয়া কাতার প্রবাসী। তাঁর পরামর্শে মুরাদ ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডস্টোর এলাকায় এসে পুলিশের কাছে ধরা দেয়।
এর আগে গত রোববার (২৯ মার্চ) রাতে সখীপুর উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই রাতে মুরাদ নিজ বাড়িতেই তার মা মুক্তা বেগমকে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। অবশেষে পিতার নির্দেশে মুরাদ আত্মসমর্পণ করলে তাকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।