
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে যোগাযোগমাধ্যম ফেইসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে আপত্তিকর পোস্ট দিয়ে কটুক্তির অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ।
জানা যায়, আপত্তিকর ওই পোস্টটি ছড়িয়ে পড়লে নীলফামারী শহরে বিক্ষোভ মিছিল ও কটুক্তিকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি তুলে তৌহিদী জনতা। এ অবস্থায় গতকাল বুধবার রাত থেকে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সুশান্ত রায় (৪০) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
নীলফামারী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত সুশান্ত নীলফামারী জেলা সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের পশ্চিম ধোপাডাঙ্গা পাইকার পাড়া গ্রামের পরেশ বাবুর ছেলে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “গত ১৭ মার্চ ‘নীলফামারী অনলাইন শপ’ নামে একটি ফেইসবুক গ্রুপে itz Sabuj Ahmed নামক ফেইসবুক আইডি থেকে উক্ত আপত্তিকর পোস্ট করা হয়। তাৎক্ষনিকভাবে জেলা পুলিশ অপরাধীদের শনাক্ত করার লক্ষ্যে ওই পোস্টের বিষয়ে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের এক পর্যায়ে দেখা যায় আপত্তিকর ওই পোস্টটি সুশান্ত রায় নামে এক ব্যক্তি তার নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করেন। এরপর থেকে সুশান্ত রায় পলাতক ছিল। তাকে ধরতে পুলিশি অভিযানের এক পর্যায়ে জেলা সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।”
এ বিষয়ে জানতে চাইলে, নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ বলেন, “ঘটনার পরপরই আপত্তিকর পোস্টকারীকে ধরতে অভিযান শুরু করে নীলফামারী থানা পুলিশ। অভিযুক্ত সুশান্ত রায় কোনো নির্দিষ্ট এলাকায় বেশি সময় অবস্থান করছিলনা। এমনকি সে দেশত্যাগের উদ্দেশ্যে পাশ্ববর্তী জেলার সীমান্তবর্তী এলাকায় তার অবস্থান লক্ষ্য চিহ্নিত করা হয়। কিন্তু পুলিশের নজরদারির কারণে দেশত্যাগে ব্যর্থ হয় সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।”