
মো শাকিল আহমেদ
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় এক জমকালো প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। নলকা ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভা নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
নলকা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম লেবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের সদস্য সচিব মোঃ শাহিন রেজা, যুগ্ম আহবায়ক মেহেদি হাসান আমজাদ, যুগ্ম আহবায়ক তারিফ মাহমুদ এবং যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম।
সভায় যোগ দিতে নলকা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ ইউসুফ আলী ও তারিকুল ইসলাম, সদস্য সচিব পদপ্রার্থী উদয় নারায়ণ, জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান, আল আমিন সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন।
সভায় বক্তারা যুবদলের ৪৭ বছরের পথচলা নিয়ে আলোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। এসময় উপস্থিত সকল নেতাকর্মীর মতামতের ভিত্তিতে আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।