
বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোল রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মনিরুজ্জামান (৫৩) নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
নিহত মনিরুজ্জামান বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর রেহেনা খাতুন (৪৫)। তারা রঘুনাথপুর গ্রামেই বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে গলাচিপে হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপর নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এই মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এতে আরও গভীর কোনো কারণ থাকতে পারে।
ঘটনার পরপরই বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।