
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের প্রথম সমাবর্তনকে ঘিরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সমাবর্তন আয়োজনের লক্ষ্যে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বিকেলে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, প্রতিষ্ঠার পর এই প্রথম বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে, যা বেরোবির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১২তম ব্যাচের যেসব শিক্ষার্থী ইতিমধ্যে ডিগ্রি অর্জন করেছেন, তারা সবাই এ সমাবর্তনে অংশ নিতে পারবেন। তাঁর ভাষায়, “ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে স্মরণীয় করে তুলবে।”
রেজিস্ট্রেশন কার্যক্রম ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। উদ্বোধনের দিনে মার্কেটিং বিভাগের এমবিএ (প্রফেশনাল) প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ শহিদ সরকার প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন সম্পন্ন করে এ কার্যক্রমের যাত্রা শুরু করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্য শিক্ষক–কর্মকর্তারা। সবাই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সফলভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সমাবর্তন সম্পর্কিত সব ধরনের বিজ্ঞপ্তি, নির্দেশিকা, রেজিস্ট্রেশন ধাপ ও আপডেট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে জানানো হয়েছে, সব তথ্য পাওয়া যাবে এ ঠিকানায়—
উপাচার্য সমাবর্তনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতির দিক নিয়েও কথা বলেন। তিনি বলেন, “এটি শুধু একটি অনুষ্ঠান নয়; বিশ্ববিদ্যালয়ের উন্নয়নযাত্রার প্রতীক। আমরা চাই শিক্ষার্থীরা এই দিনটিকে আজীবন স্মরণীয় হিসেবে রাখুক।”
প্রথম সমাবর্তনের খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই রেজিস্ট্রেশন শুরুর আগে থেকেই প্রক্রিয়া ও আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন।