
কেরানীগঞ্জ প্রতিনিধি
কেরানীগঞ্জের কোরবানির হাটে এবার দেখা গেল এক অনন্য ব্যতিক্রম উদ্যোগ —গরু কিনলেই ক্রেতার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি ডিপ ফ্রিজ! ঈদুল আজহাকে কেন্দ্র করে কেরানীগঞ্জের সাবেক মিলেনিয়াম সিটি সংলগ্ন নবাবী হাটে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।
এই অভিনব প্রচারণা ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, এটি শুধু একটি হাট নয়, একপ্রকার ‘ফ্রিজ উৎসব’-এ পরিণত হয়েছে। গরু কেনার সঙ্গে ফ্রিজ উপহার পেয়ে ক্রেতারা যেমন খুশি, তেমনি আশপাশের এলাকাতেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
ব্যতিক্রমী এই উদ্যোগটি যেমন ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে, তেমনি এনসিপির সামাজিক উদ্যোগ হিসেবেও এটি ইতিবাচক বার্তা দিচ্ছে।
রবিবার (১ জুন) হাটের প্রথম দিন গরু কিনে হাসিল রশিদের একটি কপি র্যাফেল বক্সে জমা দেন ক্রেতারা। মধ্যরাতে উপস্থিত জনসাধারণের সম্মুখে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। ড্রটি নাবাবী হাটের ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচার করা হয়।এতে সৌভাগ্যবান বিজয়ী নির্বাচিত হন কেরানীগঞ্জের আরশিনগর এলাকার বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম। পুরস্কারস্বরূপ তার হাতে তুলে দেওয়া হয় একটি ব্র্যান্ড নিউ ডিপ ফ্রিজ।
হাটের ইজারাদার রাব্বি আহমেদ বকুল বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। এই আনন্দঘন মুহূর্তে মোঃ শফিকুল ইসলাম বলেন,গরু কিনে ফ্রিজ পাব,এটা আমি কল্পনা ও করি নি। এটা আমার জীবনের এক নতুন অভিজ্ঞতা। নবাবী হাটের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এ প্রসঙ্গে এনসিপির কেরানীগঞ্জ প্রতিনিধি মো জাবেদ হোসেন জানান,আমরা ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ঈদকে ঘিরে বাড়তি আনন্দ দিতে চেয়েছি এই হাটে। তাই ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত প্রতিদিন একটি করে ডিপ ফ্রিজ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ ছিল তার প্রথম দিন।
হাটজুড়ে দেখা গেছে বাড়তি ভিড় উৎসাহ ও উদ্দীপনা । শুধু গরু ছাগল নয়, অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন হাটের ব্যতিক্রমী আয়োজন দেখতে। বিক্রেতারাও জানিয়েছেন, এমন পুরস্কারভিত্তিক উদ্যোগে যেমন বেড়েছে হাটে কেনাবেচার গতি তেমনি ক্রেতাদের মধ্যে বেড়েছে চাঞ্চল্য।
হাটের ইজারাদারদের পক্ষ থেকে আরও জানানো হয়, হাটে রয়েছে চিকিৎসা সেবা কেন্দ্র, বিশুদ্ধ পানি সরবরাহ, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষনিক নজরদারির ব্যবস্থা, ক্রেতা বিক্রেতাদের বসার স্থান,কাদামুক্ত সুন্দর পরিবেশ,গরুর ব্যাপারিদের নিরাপদ ও আরামদায়ক রাত্রি যাপন এবং সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক দল, যারা হাট ব্যবস্থাপনা ও ক্রেতা-বিক্রেতার সহায়তায় কাজ করছেন।