চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী (৪ ও ৫ জুলাই, ২০২৩ খ্রিঃ) ‘রোড পুলিশিং লিডারশিপ’ বিষয়ে একটি কর্মশালা আয়োজন করেছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো এমন কর্মশালা আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার নগরীর রেডিসন ব্লু হোটেলে কর্মশালাটির উদ্বোধন করাসহ আজকের কর্মশালা সমাপনান্তে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। উদ্বোধনী অধিবেশনে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবে একা পুলিশের পক্ষে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট সকল অংশীজনকে একসাথে কাজ করতে হবে। এসময় পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করার জন্য জিআরএসপি ও বিআইজিআর এস-কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) প্রোগ্রামের অংশ হিসেবে, জিআরএসপি আজ এবং আগামীকাল সিএমপি থেকে ৩৮ জন করে মোট ৭৬ জন কর্মকর্তাকে রোড পুলিশিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে।
জিআরএসপি এর সিনিয়র রোড পুলিশিং উপদেষ্টা জনাব রাসেল নাইমান প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। যুক্তরাজ্য পুলিশের বিভিন্ন পদে ৩০ বছরের বেশি সময় কাজ করেছেন তিনি। কর্মশালায় বৈশ্বিকভাবে অনুশীলন করা ‘সেফ সিস্টেম এপ্রোচ’ অনুসারে সড়ক নিরাপত্তার ঝুঁকিসমূহ মোকাবেলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বুদ্ধিতে জোর দেওয়া হয়। এই প্রশিক্ষণের ফলে পুলিশ কর্মকর্তারা আন্তর্জাতিক ও জাতীয় রোড পুলিশিং কৌশলগুলি সম্পর্কে জানতে পারবেন এবং ট্রাফিক আইন আরও কার্যকরভাবে প্রয়োগ করার মাধ্যমে সড়ক সংঘর্ষজনিত মৃত্যু ও হতাহত কমাতে সক্ষম হবেন।
কর্মশালায় ট্রাফিক সার্জেন্ট, সাব-ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর, সহকারী পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ অংশগ্রহণ করেন। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারজন প্রকৌশলী এবং বিআরটিএ’র দুজন কর্মকর্তা এতে প্রশিক্ষশার্থী হিসেবে অংশ নেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এ এস এম মাহতাব উদ্দিন (পিপিএম সেবা) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিএমপি’র উধ্বর্তন কর্মকর্তাগণ।
