ওয়াসিম উদ্দিন
মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের মিরসরাইয়ে একরাতে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। এক রাতে এতগুলো গরু চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন গরুমালিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকরাম আলী ভূঁইয়া বাড়ির ইমাম হোসেনের তিনটি ও নিজাম উদ্দিন ভূঁইয়া বাড়ির আবুল কালামের তিনটি গরু নিয়ে যায় চোরের দল।
গরুর মলিক ইমাম হোসেন বলেন, রাত ১টা পর্যন্ত গোয়ালঘরে গরুগুলো ছিল। শুক্রবার ভোরে উঠে দেখি গোয়ালঘরে গরু নেই। তিনটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব।
তিনি আরো বলেন, শুনেছি একটি পিকআপ গাড়ি নিয়ে বাড়ির সামনে দীর্ঘসময় পাহারা দিয়েছে চোরের দল। রাত পোহানোর আগেই গোয়াল ঘরের তালা ভেঙ্গে মোটাতাজা তিনটি গরু নিয়ে যায়।
এ বিষয়ে মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘একই রাতে ছয়টি গরু চুরির ঘটনা দুঃখজনক। গরুর মালিকরা নিঃস্ব হয়ে গেলো।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিঠালানায় গরু চুরির বিষয়টি আজ সকালে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।
