নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে ৭৭জন চিত্রশিল্পীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি অংকনের উদ্যোগ নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং চিত্রশিল্পীদের অনুপ্রেরণা দিতেই এই উদ্যোগ।
রোববার (২৪ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে ‘আগামীর অনুপ্রেরণা’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত ৭৭জন চিত্রশিল্পীর মাধ্যমে প্রধানমন্ত্রীর ৭৭টি প্রতিকৃতি অঙ্কনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মেয়র বলেন, ‘চিত্রশিল্পীরা রং তুলির মাধ্যমে দেশের কথা, সমাজের কথা ফুটিয়ে তোলেন। চিত্রশিল্পীরা তাদের কর্মের মাধ্যমে মানুষকে সচেতন করেন, মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেন। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সফল নেতৃত্বে ও কর্মের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই জন্মদিনে ৭৭টি প্রতিকৃতি অংকনের উদ্যোগ নিয়েছি।’
ছবিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ২৮ সেপ্টেম্বর থেকে ৭ দিন নগর ভবনের ৬ তলায় প্রদর্শন করা হবে বলে জানান মেয়র মোঃ আতিকুল ইসলাম।
