
নিজস্ব প্রতিবেদক
নতুন সময়সূচি অনুযায়ী মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ শনিবার থেকে নতুন এ সিডিউল কার্যকর হয়েছে। সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে ট্রেন। সকাল ৭টা ১০ এবং ৭টা ২০ মিনিটে দুটি ট্রেন উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার মেট্রারেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে নতুন এ সময়সূচির কথা জানানো হয়।
গত ডিসেম্বর মাসের শুরুতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। তিনি বলেন, মতিঝিল অংশের সব স্টেশন চালু হলে আগারগাঁও অংশের সঙ্গে সময় সমন্বয় করে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলবে। পরে সফটওয়্যার আপডেট করে মধ্যরাত পর্যন্ত পুরোপুরি মেট্রোরেল চলাচল করবে। এক্ষেত্রে প্রায় ৬ মাস সময় লাগতে পারে।
শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত পিক টাইম নির্ধারণ করা হয়েছে। এই সময়ে প্রতি ১০ মিনিট অন্তর অন্তর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাবে। এরপর বিকাল চারটা পর্যন্ত অফ পিক টাইম নির্ধারণ করা হয়েছে। এই সময় ১২ মিনিট পরপর স্টেশন থেকে ট্রেন ছাড়বে। নিয়মিত সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকছে।
এমএএন ছিদ্দিক জানান, সকাল ৭টা ১০ ও ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে যে দুটি ট্রেন চলবে, সেগুলো বিনা বিরতিতে মতিঝিল স্টেশন পর্যন্ত চলবে। সাড়ে সাতটা থেকে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। প্রথম দুটি ট্রেনে শুধু যাদের এমআরটি পাস হয়েছে, তারাই যাত্রী হিসেবে উঠতে পারবেন।
তিনি আরও জানান, তবে মতিঝিল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হবে সকাল সাড়ে ৭টায়। আবার রাত ৮টায় সর্বশেষ যে ট্রেনটি উত্তরা থেকে ছাড়বে, সেটি থামবে ৮টা ৪০ মিনিটে। সেটিও উত্তরার পথে বিশেষ ট্রেন হিসেবে চলবে। তবে শেষ ট্রেনে শুধু এমআরটি পাস ব্যবহারকারীরাই চলতে পারবেন।
২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।
মেট্রোরেলে চলাচলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। পৃথক স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা আছে।