
শাকিল আহমেদ
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সরকারের উন্নয়ন প্রকল্পের নামফলক অপসারণ করেছে দুর্বৃত্তরা
সরকারের উন্নয়ন-সফলতা অস্বীকৃতি ও অস্বীকার করতেই সিরাজগঞ্জ পৌরসভাধীন সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান ও মসজিদের উন্নয়ন প্রকল্পের নামফলক অপসারণ করেছে দুর্বৃত্তরা।
তবে মসজিদ কমিটির পক্ষ থেকে দাবি, নামফলক অপসারণ করা হয়নি। নামফলকটি পুরাতন হওয়ায় নতুন করে লিখতে দেওয়া হয়েছে।
রাতের কোনো এক সময়ে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মালশাপাড়া কবরস্থান ও মসজিদের সামনে স্থাপিত উন্নয়ন প্রকল্পের নামফলক দুর্বৃত্তরা অপসারণ করেছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মালশাপাড়া কবরস্থান ও মসজিদটি সিরাজগঞ্জ-২ এর সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতের তত্ত্বাবধানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একাধিক বিশেষ বরাদ্দ এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে মসজিদটির উন্নয়ন কাজ করা হয়।
সরকারি বিধি মোতাবেক বরাদ্দের পরিমাণসহ প্রকল্পের বিস্তারিত তথ্য ছিল নামফলকে। সোমবার সকালে দেখা যায় উন্নয়ন প্রকল্পের নামফলকটি যথাস্থানে নেই। সেটি অপসারণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, সরকারের উন্নয়ন অস্বীকার করতেই রাতের আঁধারে নামফলকটি অপসারণ করেছে দুর্বৃত্তরা। তবে মসজিদ কমিটির পক্ষ থেকে দাবি, নামফলক অপসারণ করা হয়নি। নামফলকটি পুরাতন হওয়ায় নতুন করে লিখতে দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মোছা. রুমানা রেশমা বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। নামফলকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নার নাম ছিল। সেটা নাকি তুলে ফেলা হয়েছে। বিষয়টি আমি আগামীকাল গিয়ে সরেজমিনে দেখব।
সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার বলেন, নামফলকটি অপসারণ করা হয়নি। ফলকটি পুরাতন হওয়ায় তুলে ফেলে নতুন করে লিখতে দেওয়া হয়েছে। পৌর মেয়র দিন-তারিখ দিলে নতুনভাবে নামফলকটি স্থাপন করা হবে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। মসজিদ কমিটির পক্ষ থেকেও কেউ অবগত করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুঠোফোনে বলেন, বিষয়টি আমি আজ সকালে অবগত হয়েছি। দুর্বৃত্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-সফলতা অস্বীকৃতি ও অস্বীকার করতে উন্নয়ন প্রকল্পের নামফলক অপসারণ করেছে। যেন সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণ সঠিকভাবে জানতে না পারে।
সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, সরকারি বিধি মোতাবেক প্রকল্পের স্বচ্ছতা ও জনসাধারণের অবগতির জন্য প্রকল্পের ব্যয়সহ বিস্তারিত তথ্য সম্বলিত স্থায়ী নামফলক স্থাপন করে এ ব্যাপারে তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র, সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরকে চিঠি প্রদান করেছি।