
ইবি সংবাদদাতা:
প্রতিবন্ধী ও এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সৃজনশীল সেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’। মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শফিপুরে পদমদী প্রতিবন্ধী এতিমখানায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।
এসময় শিশুদের ঈদের খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, দুধ, সেমাই, চিনি, নুডুলস ও সাবান দেয় সংগঠনটি। খাদ্য সামগ্রী বিতরণকালে বুননের দপ্তর সম্পাদক শাহরিয়ার প্রিন্সসহ সংঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির দপ্তর সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, আমরা চেষ্টা করেছি এই এতিম, প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে। হয়তো তাদের সব চাহিদা পূরণ করতে পারিনি। তবে আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় হয়তো আরো অনেকেই এগিয়ে আসবেন তাদের সহযোগিতায়।
এতিমখানার পরিচালক খোন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, আল্লাহর অশেষ রহমত যে আপনারা এই প্রতিবন্ধী এতিম শিশুদের জন্য ঈদ সামগ্রী নিয়ে এসেছেন। আপনারা এর আগেও আমাদেরকে এভাবে সহযোগিতা করেছেন। আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের এমন কার্যক্রম অব্যাহত থাকুক আল্লাহর কাছে এই দোয়ায় রাখি।
বুননের সভাপতি নাহিদুর রহমান বলেন, বুননের উদ্দেশ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাদের মুখে হাসি ফোটানো। আমরা প্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে কাজ করছি। কিভাবে তাদেরকে একটি সুন্দর পৃথিবী দেখানো যায় সে লক্ষে বুনন কাজ করে যাচ্ছে। তাদের ঈদের আনন্দে আমরা শরিক হতে পেরেছি। তাদের হাসির কারণ হতে পেরেছি। সবশেষে এমন কার্যক্রমের মাধ্যমে বুনন এগিয়ে যাক এটাই কামনা করি।