
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আনিছুর রহমান (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার বদলগাছী-নওগাঁ সড়কের ধর্মপুর আলিম মাদরাসার গেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আনিছুর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের
গোয়ালভিটা গ্রামের মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিছুর ছিলেন একজন ভ্যান চালক। সে তার বাড়ির সেদ্ধ করা ধান শুকানোর জন্য রাস্তার পাশে মো. মতিউর মাস্টারের নতুন বিল্ডিং এর ছাদে উঠতে গেলে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের জন্য পাঠানো হয়েছে।