
সুমন দাস অভিঃ পটুয়াখালী থেকে
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, জাতির পিতার সহস্তে গড়া নৌবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আন্তর্জাতিক পরিমন্ডলে একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে পরিচিতি পেয়েছে। নৌবাহিনীতে আধুনিক যুদ্ধ জাহাজ, হেলিকপ্টার সাবমেরিন সহ আধুনিক প্রযুক্তি সংযোজন হয়েছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলবর্তী সমুদ্রসীমা ও সম্পদ রক্ষায় শেরেবাংলা নৌঘাঁটি নির্মান করা হয়েছে। শনিবার সকালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২৪ ব্যাচের ৪৩৮ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজে একথা বলেন তিনি। তিনি আরো বলেন জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকরা বংলাদেশের সুমুদ্রসীমার নিরাপত্তা বিধানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে নৌবাহিনী প্রধান বানৌজা শের-ই-বাংলায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী এর উদ্বোধন করেন। এ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব, খেলার মাঠ, মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরি, ক্যান্টিসহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এ স্কুল উদ্বোধনের মধ্য দিয়ে পটুয়াখালী এলাকার শিক্ষা ব্যবস্থা আধুনিকতার পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।