
বিনোদন ডেস্ক
কলকাতার অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতাকে নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন চলমান। কখনও তার প্রেম নিয়ে চর্চা, আবার কখনও প্রেমের বিচ্ছেদ নিয়ে। দিন কয়েক আগেও শোনা গিয়েছিল, জীতু কমলের সঙ্গে নাকি নতুন সম্পর্ক শুরু করেছেন! যদিও বারবার সেই গুঞ্জন অস্বীকার করেছেন তারা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন খবর এলো, এবার আর প্রেম নয়! এবার সায়ন্তনী নাকি সোজা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
কলকাতার একটি গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেননি সায়ন্তনী। বরং এতে তিনি সায় দিয়েছেন। আর ফাঁস করেছেন আসল ঘটনা। বলেছেন, সবটাই হচ্ছে পর্দায়। রাজর্ষি দে’র আগামী ছবিতে। ‘এ বার দার্জিলিং’ নামের একটি ছবিতে অভিনয় করছি। সেখানে বিবাহিত নারীর চরিত্র আমার। মূলত এই থেকেই খবরটি ছড়িয়েছে। এই ছবিতে সায়ন্তনী এক নিম্নবিত্ত পরিবারের গৃহবধূ। ফলে, তার চেহারায় অনেকটাই বদল আনতে হয়েছে।
জানা যায়, পরিচালক রাজর্ষি দে’র ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই জায়গা থেকেই এই ছবি তৈরির ভাবনা। সেই সময় রাজর্ষি জানিয়েছিলেন, দর্শকের চাহিদাতেই তিনি সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে সায়ন্তনী আরও জানিয়েছেন, এর আগেও এই পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি।
আলোচনা হচ্ছে – সায়ন্তনীর বিপরীতে নায়ক চরিত্রে কে অভিনয় করবেন ? পর্দায় কার গলায় মালা দেবেন এই নায়িকা ? প্রশ্ন শুনে হেসে দিয়ে জানিয়েছেন, এখনও অভিনেতার নাম নির্দিষ্ট করা হয়নি। যদিও টালিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে দুই অভিনেতার নাম। তাদের মধ্যে অন্যতম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুল এর আগেও রাজর্ষি’র ছবিতে ছিলেন। রাজর্ষি’র ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন সায়ন্তনী।