
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অবশিষ্ট দু’টি হলে জুলাই মাসে শিক্ষার্থী উঠানো সম্ভব হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম।
শনিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ৪১ তম সিনেট সভায় উপাচার্যের বক্তব্যে তিনি এ তথ্য জানান।
উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২০১৮ সালের ২৩ অক্টোবর অনুষ্ঠিত একনেকের সভায় অনুমোদিত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা খাতকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য ১৪৪৫ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়সংবলিত “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই প্রকল্পের মেয়াদকাল ৩১ ডিসেম্বর-২০২৪ তারিখে শেষ হবে। এই প্রকল্পের আওতায় প্রথম ধাপে ছাত্রদের ৩টি এবং ছাত্রীদের ৩টি আবাসিক হলের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। নব নির্মিত ৪টি হলে শিক্ষার্থীরা বসবাস শুরু করেছে। আশা করছি আগামী জুলাই মাসে অবশিষ্ট ২টি হলে শিক্ষার্থী উঠানো সম্ভব হবে। তখন এ বিশ্ববিদ্যালয় থেকে গণরুম সংস্কৃতি বিলুপ্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারনী এ সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি টাকার বাজেট অনুমোদনের জন্য পেশ করা হবে। ৪১তম সিনেট অধিবেশনের আলোচ্যসূচিগুলোর মধ্যে রয়েছে উপাচার্যের ভাষণ ও আলোচনা, সিনেটের ৪০তম অধিবেশনের কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২৪ জুন ২০২৩ এ অনুষ্ঠিত সিনেটের ৪০ তম বার্ষিক সভার ভার্বেটিম রিপোর্ট অনুমোদন বিবেচনা, ২০২৩-২৪ সনের (সংশোধিত) এবং ২০২৪-২৫ সনের (মূল) রেকারিং বাজেট অনুমোদন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের খসড়া বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ২৩ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের ১৩৮ তম সভায় সংশোধিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর প্রস্তাবিত সংবিধি অনুমোদনের জন্য ২৩ মে ২০২৪ তারিখের সিন্ডিকেট সভার সুপারিশ বিবেচনা ও বিবিধ।