
ঢাবি প্রতিনিধি
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা ভিসি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদের অব্যাহতির দাবিতে অসহযোগ আন্দোলন ঘোষণা করে ডিপার্টমেন্ট অফিসে তালা ঝুলিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিপার্টমেন্ট অফিসে ব্যানার ঝুলিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় অধ্যাপক আব্দুর রশীদের অব্যাহতির দাবিতে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
উপস্থিত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, স্বৈরাচারের পৃষ্ঠপোষকতা করা, দুর্নীতি ও নিয়োগে অনিয়ম, শিক্ষার্থীদের সাথে স্বেচ্ছাচারী আচরণ ও নারীঘটিত অভিযোগ রয়েছে এই অধ্যাপকের বিরুদ্ধে।
ডিপার্টমেন্টের ২০২১-২০২২ সেশানের শিক্ষার্থী আব্দুর রহমান আল ফাহাদ বলেন, অ্যালামনাই ও সকল শিক্ষার্থীর সম্মতিক্রমে অসহযোগ আন্দোলনের আহ্বান করা হয়েছে। তারই অংশ হিসেবে আমরা ডিপার্টমেন্টের অফিসের দরজায় ব্যানার ও তালা ঝুলিয়ে সিল গালা করে দিয়েছি। আগামী রবিবার সকাল ১১টার মধ্যে আব্দুর রশিদ স্বেচ্ছায় অবসর গ্রহণ না করলে আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবো। আব্দুর রশিদের অব্যাহতির পূর্বে কোনো ক্রমেই ডিপার্টমেন্টের অফিসে কোনো ধরণের কার্যক্রম চলবে না। আমাদের বাকি দাবিগুলো আদায়ের পূর্বে আমরা কোনো শিক্ষার্থী ক্লাসে ফিরে যাবো না।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, আমি যখন প্রথম বর্ষে ছিলাম তখন এক দিন স্যারের ক্লাসে এটেন্ডেন্স নেওয়ার সময় আমার ক্লাস রোলটি বুঝতে পারিনি, তাই এটেন্ডেন্স দিতে একটু দেরি হয়। পরবর্তীতে যখন দাঁড়িয়ে বিনয়ের সাথে এটেন্ডেন্স দেওয়ার অনুরোধ করলাম, তিনি দেননি। বরং আমাকে ওনার পুরো ক্লাসের সময় দাঁড় করিয়ে রাখেন। এটুক ভুলের কারণে অনার্স পড়ুয়া একজন শিক্ষার্থীর সাথে এমন আচরণ করাটা মারত্নক অপমানজনক। সেদিন নিজেকে অনেক ছোট মনে হয়েছিল।
এ ব্যাপারে ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ জানান, এ ব্যাপারে আমাকে জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত হয় নি।