
মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সদরের আড়াই শত(২৫০) বছরের প্রাচীন মাঝপাড়া বালিগ্রাম ছয় গম্বুজ জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মোসাদ্দারুল ইসলাম এর রাজকীয় বিদায়। দীর্ঘ ৪৫ বছর ইমামতি করেছেন তিনি এই মসজিদে। বার্ধক্যের কারণে দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। বিদায় বেলায় মুসল্লিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই ইমাম। রাজকীয় আয়োজনে বিদায় দেওয়া হয়েছে তাকে।
শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজ শেষে মুসল্লি ও এলাকাবাসী মিলে ইমামকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বিদায় মুহূর্তে মসজিদের পক্ষ থেকে ইমামকে দেওয়া হয় নগদ ২ লক্ষ টাকা এবং বিভিন্ন উপহারসামগ্রী। এছাড়াও স্থানীয়দের উপহার সামগ্রী মধ্যে ছিল ৪০ হাজার টাকার চেক। এরপর বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে ফুল দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেট কারে উঠিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে ইমামকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এলাকাবাসী এবং মসজিদ কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭৯ সালের দিকে আলহাজ্ব মাওলানা মোঃ মোসাদ্দারুল ইসলাম মসজিদটিতে ইমামতির দায়িত্ব নেন। এরপর কেটে যায় প্রায় ৪৫ বছর। এ সময়ে তার উদ্যোগে মসজিদটিতে নানা সংস্কার হয়। তার গ্রামের বাড়ি সদর উপজেলার আজায়পুর গ্রামে। তিনি সাত কন্যার জনক।
সবশেষে বিদায়ী ইমাম তার দীর্ঘ ৪৭ বছর দায়িত্ব পালনরত অবস্থায় কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকলে সে বিষয়ে ক্ষমা চেয়ে নেন। বক্তব্যর এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লী সহ সাধারণ মানুষের মাঝে প্রিয় ইমামের বিদায়ী বেদনায় এক বিরহী পরিবেশের সৃষ্টি হয়।