
নাসিম আহমেদ শিমুল, কালিয়াকৈর, গাজীপুর প্রতিনিধি :
সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা চত্বর সম্মুখে এ আয়োজন করে কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকবৃন্দ। কর্মসূচি থেকে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাব, কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাব, মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিক সহ গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। দৈনিক স্বদেশ প্রতিদিনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি দেলোয়ার সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি সরকার আব্দুল আলিম,মডেল প্রেসক্লাবের সভাপতি ও যায় যায় দিনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ইমারত হোসেন,কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মেহেদী, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি, আনন্দ টিভির কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফসার খাঁন বিপুল, প্রতিদিনের বাংলাদেশ এর গাজীপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন প্রেক্ষাপট এসেছে। এই সময়ে একটি বিশেষ গোষ্ঠী দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে। সাংবাদিকেরা যেন প্রকৃত ঘটনা তুলে ধরতে না পারে, সে জন্য প্রথমেই তাদের টার্গেট করা হয়েছে। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ অবস্থা চলতে থাকলে চব্বিশের বিপ্লবের ছাত্র-জনতার যে প্রত্যাশা, তা মাটিচাপা পড়ে যাবে।
বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরের কোনাবাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুলি করে হত্যার দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে, সবার সামনে প্রকৃত অপরাধী দৃশ্যমান। অথচ সে হত্যা মামলায় বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিককে জড়িয়ে হত্যা মামলা দেয়া হয়েছে। অনতিবিলম্বে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা সহ সারাদেশে গণমাধ্যম কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।বক্তারা আরো বলেন,সাংবাদিকদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ নির্যাতন-নিপীড়ন বন্ধ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।