
মোঃ ইব্রাহীম, কেরানীগঞ্জ (ঢাকা)
হাজারো ছাত্র জনতার রক্তের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি, এবং সেই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আমান উল্লাহ আমান। আজ (২৮ সেপ্টেম্বর) শনিবার দুপুরে রুহিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারছি। তবে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র এখনো চলছে। দেশকে এগিয়ে নিতে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে, যেখানে বাধা, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়াও রুহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, রুহিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর ও রুহিতপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জরিত হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালিত হয়।