
মো.ফরহাদ হোসাইন,জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা: ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো: রেজাউল করিম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসকে “দ্বিতীয় ক্যাম্পাস” হিসেবে উল্লেখ করার আহ্বান জানান। তিনি বলেন, “এক বছরের মধ্যে নতুন ক্যাম্পাসের কাজ সম্পন্ন করা কঠিন, তবে আমরা সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করব।”
আন্দোলনে আহত শিক্ষার্থীদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, “আহতদের তালিকা প্রতিটি বিভাগ থেকে চাওয়া হয়েছে, এবং ইতোমধ্যে তিনটি বিভাগ তাদের তালিকা জমা দিয়েছে। আহতদের পুনর্বাসন নিশ্চিত করা হবে।”
সভায় আরও উল্লেখ করা হয়, স্বৈরাচারী সরকারকে প্রত্যক্ষভাবে সহায়তা করা শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা সরাসরি স্বৈরাচারীদের সহায়তা করেননি, কিন্তু তাদের সাথে যুক্ত ছিলেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের অনুরোধ করেন তিনি।
ছাত্ররাজনীতির প্রসঙ্গে ড. করিম বলেন, “আমি ছাত্ররাজনীতির বিপক্ষে নই, তবে এটির সংস্কার প্রয়োজন।”
এছাড়া, পূজার পর বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান এবং ধুপখোলায় শাটল বাস চালু করার ঘোষণা দেন তিনি। বাসগুলো সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুইবার চলাচল করবে।
উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক শিক্ষার্থীও সভায় অংশগ্রহণ করেন।