
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আনুষ্ঠানিক ড্রাফট আয়োজনের আগে প্রাথমিক কিছু কার্যক্রম রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। আসন্ন একাদশ বিপিএলে দলগুলো আগের আসরের স্কোয়াড থেকে সর্বোচ্চ দুইজন ক্রিকেটারকে ধরে রাখতে (রিটেইন) পারবে। সে নিয়মেই এবার দলবদল ঘটছে মাহমুদউল্লাহ রিয়াদের। গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তাকে রিটেইন না করার কথা জানিয়েছে।
রিটেইনের নতুন নিয়ম অনুসারে ফরচুন বরিশাল আসন্ন আসরের জন্য তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে রিটেইন করেছে। এছাড়া সরাসরি চুক্তিতে খেলবেন তাওহীদ হৃদয়। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে রিটেইন করেনি দলটি। ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন দলটির মালিক মিজানুর রহমান।
এর আগে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি বিদেশি ক্রিকেটার হিসেবে পুরো সিজনের জন্য ডেভিড মালান এবং ফাহিম আশরাফকে দলে নেওয়ার কথা জানিয়েছে। এদিকে, আসরের শেষ ভাগে ডেভিড মিলার এবং কাইল মায়ার্সের বরিশালে যোগ দেওয়ার কথা জানালেন মিজান। একইসঙ্গে কোচিং স্টাফেও কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত মিলেছে।
গেলবার দলে থাকা ডেভ হোয়াটমোর থাকছেন না এবারের দলে। প্রধান কোচ হিসেবে আগের মতই থাকবেন মিজানুর রহমান বাবুল। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে থাকবেন নাফিস ইকবাল।