
মো. সিফাতুল্লাহ তাসনীম
ঢাবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর আক্বদ (বৈবাহিক বন্ধন) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার এশার নামাজ বাদ নারায়ণগঞ্জের একটি মসজিদে তিনি আক্বদ সম্পন্ন করেছেন বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে। সূত্রটি আরও জানায়, বিয়ের দেন মোহর ৪ লক্ষ ৪ টাকা নির্ধারিত হয়েছে। পাত্রীর বাড়ি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের ফতুল্লার রূপায়ন টাউন মসজিদে আক্বদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
একইদিনে আসরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাসনাত আব্দুল্লাহর রুমমেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরিচিত মুখ সাখাওয়াত জাকারিয়ার আক্বদ অনুষ্ঠান সম্পন্ন হয়। সমন্বয়ক সারজিস আলম ও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। সাখাওয়াত জাকারিয়া ও হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে একই রুমে থাকতেন।
এদিকে বিয়ে নিয়ে গতরাতে কেন্দ্রীয় সমন্বয়কদের হাস্যরসপূর্ণ ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টিকে ভালোই উপভোগ করেছেন নেটিজেনরা। তবে এরই ফোঁকর দিয়ে হাসনাত আব্দুল্লাহ তার শুভ কাজটি সেরে ফেললেন।
ফেসবুকের এক পোস্টে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর রুমমেট সাখাওয়াত জাকারিয়া লিখেছেন, “জীবনে আমার সাথে ঘটে যাওয়া কাকতালীয় বিষয়গুলোর অন্যতম একটি হলো হাসনাত আব্দুল্লাহ ভাই ও আমার বিয়ে একই দিনে হওয়া।নিজের বিয়ের ব্যস্ততা ফেলে রুমমেট ছোট ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ করে সন্ধায় নিজে বিয়ে করার মতো ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য হাসনাত ভাইকে অভিনন্দন।”