
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে প্রায় আড়াই লাখ জাল টাকা, নগদ প্রায় ৪ লাখ টাকা ও একটি প্রাইভেটকারসহ দুই জাল টাকা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকম এর সামনে এবং সদর হাসপাতালের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জ সদর থানার হরিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে ও তুরাগ থানা এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙ্গে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি মো. হাবিবুর রহমান (৪০) ও একই গ্রামের ফকিরকান্দি এলাকার নওশের আলী শেখের ছেলে রিপন শেখ বাটু (৩৭)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকম এর সামনে এবং সদর হাসপাতালের কাছে জনসাধারণ জাল টাকাসহ মো. হাবিবুর রহমান ও রিপন শেখ বাটুকে আটক করে।
পরে পুলিশকে খবর দিলে সদর থানর উপ-পরিদর্শক বিপ্লব কুমার দাস-এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই জনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাব সংলগ্ন গোপালগঞ্জ টেলিকম এর সামনে থেকে গ্রেপ্তারকৃত মো.হাবিবুর রহমানের কাছ থেকে ২ লাখ ৪১ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার এবং একটি সাদা রংয়ের প্রাইভার কার জব্দ করা হয়। এছাড়া রিপন শেখ বাটুর কাছ থেকে ২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, মো. হাবিবুর রহমান ২০২৩ সালে তুরাগ থানা এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ভেঙ্গে ১১ কোটি টাকা লুট মামলার প্রধান আসামি। এছাড়া গ্রেপ্তারকৃতদের নামে তুরাগ ও গোপালগঞ্জ সদর থানায় ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ (বি) ধারায় মামলা হয়েছে। মামলা নং-৩১, তারিখ-২৬/১০/২০২৪ ইং।