
বিনোদন ডেস্ক
দেশীয় টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় মডেল – অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যদিও তার শুরুটা মডেলিংয়ের মাধ্যমে। মডেলিংয়ে জনপ্রিয়তা অর্জনের পর নাটকে অভিনয় শুরু করেন লাস্যময়ী এই অভিনেত্রী। রূপের দ্যুতি আর অভিনয়ের প্রতিভা প্রভা দর্শকদের কাছে মধ্যমণি হয়ে ওঠেন। বর্তমানে তিনি আগের মতো অভিনয় করছেন না, শুধু বেছে বেছে কাজ করছেন তিনি। বেশকিছু দিন ধরে লাইট – ক্যামেরা – অ্যাকশন থেকে দূরে আছেন প্রভা। তবে এই সময়টায় প্রভা কিন্তু বসে ছিলেন না।
জানা গেছে, বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন প্রভা। সেখানে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে মেকআপের ওপর একটি কর্মশালা করেছেন তিনি। সফলভাবে সেই কোর্সটি তিনি শেষও করেছেন। আর নিজের কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সার্টিফিকেট। জানা গেছে, নিউইয়র্কে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়।
প্রভার সঙ্গে যোগাযোগ করা হলে দূরদেশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, অনেক আগে থেকেই মেকআপের ওপর আমার অন্যরকম ভালোলাগা রয়েছে। কিন্তু সময়ের অভাবে এতদিন এটার ওপর প্রশিক্ষণ নেওয়া হয়নি। অবশেষে ইচ্ছেটা পূরণ হয়েছে। নিউইয়র্কে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিত। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই – দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শো’র সঙ্গে জড়িয়ে আছে প্রতিষ্ঠানের নাম। এমন ভালো একটি প্রতিষ্ঠান থেকে কোর্স করতে পেরে নিজের কাছেও বেশ ভালো লাগছে। মূলত ভালোলাগা থেকেই এটি শেখা।
সম্প্রতি প্রভা ইনস্টাগ্রাম প্রোফাইলে মেকআপের একটি ভিডিও শেয়ার করেছেন। তাতেই বাধে বিপত্তি। তাকে ঘিরে বেশকিছু খবরের শিরোনাম ঠিক এমন – ‘অভিনয় ছেড়ে প্রভা এখন মেকআপ আর্টিস্ট’। দূরদেশে অবস্থান করলেও খবরগুলো প্রভার নজর এড়ায়নি। এমন খবরে তিনি বেশ বিব্রত। এই ধরনের সংবাদ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে প্রভা বলেন, আমি সাময়িক কাজ থেকে দূরে আছি। তাছাড়া এখন আমি বেছে বেছে কাজ করছি। গৎবাঁধা গল্পে কাজ করে সংখ্যা বাড়াতে চাই না। আমার এই মেকআপ কর্মশালা এবং পরিবারের জন্য কাজটা আপাতত বন্ধ রয়েছে। কাজের জন্য পরিবারকে সেভাবে সময় দিতে পারি না। সবকিছু মিলিয়ে নিজেকে এবং পরিবারকে সময় দিচ্ছি।
প্রভা এই বিষয়ে আরও বলেন, নতুন কিছু শেখা এবং নামের সঙ্গে কিছু যুক্ত করা মানে অভিনয় ছেড়ে দেওয়া নয়। এমন খবর বিব্রত করে। অভিনয় ছেড়ে দিলে আমি নিজেই জানাবো। যতদিন দর্শক চাইবেন আমি অভিনয় করবো। যখন তারা আর চাইবেন না কাজ করবো না। দর্শকের ভালোবাসার জন্য আজকের আমি। এমন ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে দূরে থাকবেন। আর হ্যাঁ, আগামী মাসে দেশে ফিরে আমি ফের কাজে অংশ নেবো।
প্রভা এখন নিজেকে আর পরিবারকে নিয়েই ডুবে আছেন। ঘুরে বেড়াচ্ছেন বিদেশের মনোরম স্থানে। আর সামাজিক মাধ্যমে শেয়ার করছেন নিজের প্রিয় মুহূর্তগুলো। প্রভা নতুন ফ্যাশন মেকআপ, বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন। অনুরাগীদের দুশ্চিন্তা ও হতাশা দূর করে প্রভা দিলেন ফেরার খবরও। নভেম্বরে দেশে ফিরছেন হাস্যোজ্জ্বল এই অভিনেত্রী।