
দুমকী(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদকসেবন ও কেনা-বেচার সময় হাতেনাতে ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার(১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়ার নেতৃত্বে
গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পিছনের পুকুর সংলগ্ন এলাকায় মাদকসেবনরত অবস্থায় ২ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয় সিকিউরিটি টিম।
আটকরা হলেন দুমকী উপজেলার রাজাখালী গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইকবাল আজিজ(১৮) ও দক্ষিণ দুমকী গ্রামের কালাম খন্দকারের ছেলে মোঃ রাফি খন্দকার (১৭)।
মাদকসেবীদের দেওয়া তথ্য অনুযয়ী এক মাদক কারবারিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহনপুলের সামনে থেকে মাদক বেচাকেনার সময় হাতেনাতে ধরা হয়। আটককৃত মাদক কারবারি হলেন ভোলা জেলার সদর উপজেলার মোঃ হারুনের ছেলে মোঃ সিয়াম (২০)।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ভ্রাম্যমাণ আদালতে আটক সিয়ামকে ৬ মাস ও ইকবাল আজিজকে ৩ মাসের কারাদণ্ড সহ উভয়কেই ১০০ টাকা করে অর্থদণ্ড করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে আটক মোঃ রাফি খন্দকার অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বর্তমানে প্রক্টরিয়াল টীমসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এরই ধারাবাহিকতায় আমরা নিয়মিত টহল ও তদারকি করছি।