
বাকৃবি প্রতিনিধি
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. তাহসীন ফারজানা। তিনি বাকৃবির ভেটেরিনারি অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই অধ্যাপক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ধারা ১৮(১) (ণ) ও ১৮(২) অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন। এর মাধ্যমে অধ্যাপক ড. তাহসীন ফারজানা আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. তাহসীন ফারজানা বলেন, আমাকে সিন্ডিকেট মেম্বার মনোনীত করায় মহামান্য রাষ্ট্রপতি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে আমি সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ ।