
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজের শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়ে প্রশাসনিক ভবন সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অধ্যক্ষ নাসির আহমেদের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শেষে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ কুমার সরকারি কলেজ ও জেলা ছাত্রদলের সদস্য নুর আলম প্রধান, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদ পাঠান বিপুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিন প্রধান, ফেরদৌস আলম, কলেজ ছাত্রদল নেতা তানজিমুল ইসলাম তানজিদ, তুহিন, নিশাত, স্বরন, বিদ্যুৎ, লিখন, রাফিদ, রুবেল, জীবন প্রমুখ।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গণঅভ্যুত্থানের পরেও ছাত্রলীগ বিভিন্ন ভবনের দেয়াল এবং সীমানায় দেয়াল লিখন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে বক্তারা অভিযোগ করেন।
তারা অবিলম্বে এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে গোবিন্দগঞ্জে ছাত্রলীগ পুনরায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতারা।