
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীর চরের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ওই গ্রামের বাসিন্দা ফসির আকন্দের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, পলুপাড়া গ্রামে করতোয়া নদীর চরের আবাদি জমি নিয়ে আব্দুল মজিদ ও আমিরুল ইসলামের পক্ষের বিরোধ চলছে। আজ সকালে ওই জমির মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০), আলমগীর হোসেনসহ (৪৫) উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুল মজিদকে আগেই মারা গেছেন।
গুরুতর আহত আমিরুল ইসলাম ও তাজেল আকন্দকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল মজিদ আকন্দ নামের একজন মারা গেছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।