
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে দুজন স্বামী স্ত্রী’র (নবদম্পতি) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩ জুন মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রাসেল গলায় গামছা ও জুই আক্তার ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নবদম্পতি জুঁই খাতুন রাসেল এর স্ত্রী, রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, প্রেমের সম্পর্কের জেরে মাস তিনেক আগে রাসেল-জুঁই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের জীবন। কোনো রকম ঝামেলা ছিল না। গতকাল দুপুরেও দুজন এক সঙ্গে পুকুরে গোসল করেছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
পরিবারের সদস্যদের দাবী, গত ২ জুন সোমবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকাল ৭ টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এরপর স্থানীয়রা পুলিশ কে খবর দিলে থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।