
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ চত্বরে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠনের বহিরাগত একদল নেতাকর্মী। ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে বহিরাগতদের আধিপত্য নিয়ে নিরাপত্তাহীনতার আশঙ্কাও প্রকাশ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের রাস্তা দিয়ে প্রবেশ করে। পরে এটি মেয়েদের হলের সামনে দিয়ে উপাচার্যের বাসভবন হয়ে শেষ মোড়ে দিকে যায়। মিছিলের সময় নেতাকর্মীদের “জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “প্রশাসন কি করে? সারা বাংলায় লাশ পড়ে” স্লোগান দিতেও দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, মিছিলে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা মূলত ছাত্রদলের বহিরাগত নেতাকর্মী। এর আগেও তাদের বিভিন্ন ছাত্রদলের প্রোগ্রামে অংশ নিতে দেখা গেছে।
এর আগেও বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে নিরাপত্তার শঙ্কা জানিয়ে অভিযোগ করছে সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ মিছিল করেছে। যেটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনোভাবেই কাম্য না। এখানে বাকৃবি শাখা ছাত্রদলের কোনো নেতা-কর্মীরা ছিল না। তারা ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নেতাকর্মী সম্ভবত। তারা যেন পরবর্তীতে ক্যাম্পাসে ঢুকে এভাবে কোনো বিক্ষোভ মিছিল না করতে পারে, এ ব্যাপারে তাদেরকে আমরা বলবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গেও এ বিষয়ে কথা বলতে হবে।”
বহিরাগতদের মিছিলের বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো মুনির হোসেন বলেন, ‘আমাদের কাছে কোনো অভিযোগ দিলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। সারাদেশে বিচ্ছিন্নভাবে মিছিল হচ্ছে, কে করতেছে, কারা করতেছে, কার বিপক্ষে করছে দেখায় যাচ্ছে। কোনটা বহিরাগত এসব যাচাই বাছাই করে দেখে আমরা বের করতে পারবো এবং পরবর্তী আমরা ব্যবস্থা নিবো।’