
চৌদ্দগ্রাম প্রতিনিধি :
:::
চট্টগ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক হওয়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোঃ জাফর আহমেদকে আজীবনের জন্য বহিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল।
রোববার বিকেলে দলীয় প্যাডে লিখিত আদেশে তাকে বহিষ্কার করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খাঁন। বহিষ্কারপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ জাফর আহমেদকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারপত্রে আরও উল্লেখ করা হয়, তিনি দলের কোনো সভা-সমাবেশ বা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। কোনো ব্যক্তি সংগঠনবিরোধী অপকর্ম করলে তার দায়দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বহন করবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।
উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় র্যাবের অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩৯ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবকদল নেতা মোঃ জাফর আহমেদকে আটক করে র্যাব। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।