
স্পোর্টস ডেস্ক
শ্রীলংকায় এবারের সফরে চোখে চোখ রেখে সমান তালে লড়াই করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবারের সফরে দারুণ সফল বাংলাদেশ।
শুধু তাই নয় এবারের সফরে শ্রীলংকাকে তাদের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই প্রথম শ্রীলংকার মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতল টাইগাররা।
সফরের শুরুতে গল টেস্টে স্বাগতিক শ্রীলংকার তুলনায় বেটার ক্রিকেট খেলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি। অধিনায়ক হিসেবে গল টেস্টে শান্ত দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকান। সেঞ্চুরি হাঁকান সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও।
গল টেস্টে দারুণ পারফরম্যান্সে ধারাবাহিকতা কলম্বো টেস্টে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। যে কারণে কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যায় টাইগাররা।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ২৪৫ রানের টার্গেট তাড়ায় ৩৫.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয় মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি। তবে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রান করে ১৬ রানের ব্যবধানে জিতে সিরিজে সমতায় ফিরলেও শেষ ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করে মিরাজরা।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৫৪ রান করেও বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ৫০ বলে খেলা ৭৬ রানের ইনিংসে ভর করে ১৭৭ রান করে রিশাদ হোসেন, শরিফুল ও সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ৯৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।
আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেখ মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ১৩২ রানে থামিয়ে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।