
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার উত্তর ফলিয়া গ্রামে বিপুল পরিমাণ রেক্টিফায়েড স্পিরিটসহ এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটার দিকে উত্তর ফলিয়া গ্রামের বালাসীঘাটগামী সড়কে অভিযান চালানো হয়। আটক যুবক হলেন ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামের নেতৃত্বে এএসআই মো. মোস্তাফিজার রহমান, কনস্টেবল জুলফিকার রহমান, হাসান আলী, সোলায়মান গনি ও মাহাতাব উদ্দিন সমন্বয়ে একটি রেইডিং টিম এ অভিযান চালায়।
তল্লাশিকালে দুলাল মিয়ার চালিত ব্যাটারিচালিত অটোরিকশা (লাইসেন্স নম্বর-১২৬) থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা মোট ১৩০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩০ মিলিলিটার করে সর্বমোট প্রায় ৩.৯ লিটার মাদকদ্রব্য জব্দ করা হয়। এসময় অটোরিকশা ও চাবিও জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী উদ্ধারকৃত স্পিরিট ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/২৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুলাল মিয়াকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।