
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম ওই এলাকার আব্দুল হামিদের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরিয়ম বেগম মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী শঠিবাড়ী এক্সপ্রেস বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পালানোর চেষ্টায় থাকা বাসটি চৌমাথা মোড়ে আটকা পড়ে এবং স্থানীয়দের সহায়তায় পুলিশ বাস ও চালক শফিকুল ইসলামকে আটক করে।
আটক চালক শফিকুল ইসলাম (৩৫) রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে বিক্ষোভ শুরু করে এবং বাসটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসীর অভিযোগ, পান্থাপাড়া এলাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন শতশত শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও পথচারীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হন। গত সপ্তাহেই ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। তাদের দাবি, দ্রুত এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি সড়ক বিভাগকে অবহিত করা হবে।