
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার পলাশবাড়ীতে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। সংসার ভাঙনের বেদনা সইতে না পেরে এক কৃষক প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে।
এই কৃষক লিটন ফারাজি (৪৫)। তার স্ত্রী লাভলী আকতার বিয়ের ২৫ বছর পর অন্যের সঙ্গে চলে যাওয়ার তিন মাস পর আনুষ্ঠানিকভাবে তাকে তালাক দেন। আর এ আঘাতেই ভেঙে পড়া লিটন এক অদ্ভুত সিদ্ধান্ত নেন,নিজেকে দুধ দিয়ে গোসল করান।
লিটন ফারাজি আবেগঘন কণ্ঠে বলেন ২৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলাম লাভলীকে। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি, সে আমাকে ছেড়ে যাবে। কয়েক বছর ধরে ঝগড়া-বিবাদ চলছিল। তিন মাস আগে সে অন্য ছেলের সঙ্গে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও ফেরাতে পারিনি। পরে খবর পাই, সে আমাকে তালাক দিয়েছে। এই কষ্ট সইতে না পেরে আমি দুধ দিয়ে গোসল করেছি। সবার প্রতি বলছি—বিয়ে করার আগে অবশ্যই মেয়ের পরিবার সম্পর্কে খোঁজ নেবেন।
দুই ছেলে ও এক মেয়ের জনক লিটনের বড় ছেলে ইতোমধ্যেই সংসার শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দা হারুন মিয়া জানান
সংসারে অশান্তির জের ধরে লাভলী বেগম তিন মাস আগে বাবার বাড়ি চলে যান। এরপর সেখান থেকেই তিনি লিটনকে তালাক দিয়ে অন্য ছেলের সঙ্গে চলে যান। এই কষ্টে লিটন প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন।
গ্রামের মানুষের মুখে এখন একটাই আলোচনা স্ত্রীর পরিত্যাগের বেদনায় কৃষকের এমন অদ্ভুত প্রতিবাদ।