
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পচে যাওয়া দই সংরক্ষণ এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার অভিযোগে টাঙ্গাইলের বিখ্যাত গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌরসভার পার্ক বাজার সংলগ্ন দোকানটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি বলেন, “দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এছাড়া বেশ কিছু পচে যাওয়া দই সংরক্ষণ করা ছিল এবং মিষ্টান্ন তৈরির বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়া গেছে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, “গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে টাঙ্গাইল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ বলেন, “আমরা সাধারণত খুচরা দধি বিক্রি করি, তাই প্রতিটি দধির পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয়নি। তবে এখন থেকে তা দেওয়া হবে।”
তিনি আরও জানান, “যে পচা দধি উদ্ধার করা হয়েছে, তা ফেলে দেওয়ার জন্য রাখা ছিল। আর যে কড়াইয়ে টিকটিকির মল পাওয়া গেছে, সেটি বর্তমানে ব্যবহার করা হচ্ছে না। আমরা সবসময় চেষ্টা করি গ্রাহকদের সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।