
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২ নভেম্বর ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কেবল প্রযুক্তি শিক্ষার অংশ নয়, এটি আধুনিক কর্মক্ষেত্রের অবিচ্ছেদ্য উপাদান হয়ে উঠেছে।”
তিনি আরও বলেন, উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঠিক ব্যবহার শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও গতিশীল করে তুলবে। গবেষণার বিভিন্ন ক্ষেত্রে এখন AI গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, সমাজবিজ্ঞানসহ প্রতিটি খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দ্রুত বাড়ছে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন জরুরি বলেও মন্তব্য করেন উপাচার্য।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
বক্তারা তাঁদের আলোচনায় বাস্তব জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটির প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে নিরাপদ ডিজিটাল ব্যবহার ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।