
কিশোরগঞ্জ প্রতিনিধি
দেশব্যাপী বিভিন্ন দরবার শরীফ, মাজার ও সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ বাউল সাধক ও শিল্পী সমাজ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সাংস্কৃতিক সংগঠনের কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধর্ম অবমাননার অভিযোগে আবুল সরকারকে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছে। তারা বলেন, একজন বরেণ্য শিল্পীর নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আবুল সরকারের মুক্তি না হলে দেশের সাংস্কৃতিক অঙ্গন ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তারা।
গত বুধবার (১৯ নভেম্বর) ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় বলা হয়, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন এবং উসকানিমূলক আচরণ করেছেন। তবে তার ভক্তদের দাবি, পালাগানের একটি অংশ কেটে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে হয়রানি করা হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বাউল সমিতির সভাপতি হারিছ মোহাম্মদ। এতে আরও বক্তব্য দেন—
ইসমাইল হোসেন মধু, সহসভাপতি জেলা বিএনপি;
রনজিত সরকার, সাধারণ সম্পাদক জেলা কমিউনিস্ট পার্টি;
বাবুল রেজা, সাধারণ সম্পাদক উদীচী;
অ্যাডভোকেট হামিদা বেগম, সভাপতি বাপা;
কামরুন্নাহার, নেত্রী মহিলা পরিষদ;
সৈয়দ ইয়াছিন, সাজ্জাদনশীন তরফিয়া দরবার ও মাজার শরীফ।
বক্তারা অবিলম্বে বাউল আবুল সরকারের মুক্তি ও দেশের সুফী–বাউল ঐতিহ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।