
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল বিশেষ অভিযানে ৩৯৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের সংলগ্ন ভূয়াপুরগামী পাকা রাস্তার মোড়ে তল্লাশির সময় সিএনজি অটোরিকশায় থাকা সন্দেহভাজন যাত্রী মোঃ শামসুল আলম (৫০), জেলা—বান্দরবান, পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিশেষ কৌশলে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট গিলে পেটে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরীক্ষায় পেটের ভেতরে মাদক লুকিয়ে রাখার সত্যতা পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ৩৯৪৩ (তিন হাজার নয়শত তেতাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩,১৭০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮৫ হাজার টাকা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দকৃত আলামত টাঙ্গাইলের কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।