
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের দুটি পৃথক অভিযানে ৫০২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব। গ্রেফতাররা হলেন—মোঃ আকরাম হোসেন (৪০), জেলা রাজশাহী এবং মোঃ জুয়েল খান (৩৮), জেলা টাঙ্গাইল।
৩০ নভেম্বর ২০২৫ খ্রিঃ দুপুর আনুমানিক ১৩:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যমুনা পূর্ব সেতু থানাধীন ঢাকা–সিরাজগঞ্জ মহাসড়কের গোলচত্তরে তল্লাশী অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় মোটরসাইকেলযোগে আসা মাদককারবারি আকরাম হোসেন র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলের অয়েল ট্যাংকের ভেতর বিশেষ কৌশলে মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ৬৬ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ২,০৯০ টাকা এবং মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।
একই দিন রাত আনুমানিক ২১:৫০ ঘটিকায় র্যাবের অন্য একটি দল টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় ভাড়ায় চালিত একটি প্রাইভেটকার থামিয়ে জিজ্ঞাসাবাদে যাত্রী জুয়েল খান তার কাছে ইয়াবা রাখার কথা স্বীকার করেন।
পরবর্তীতে বিশেষ কৌশলে এক্সরে ফিল্মের প্যাকেটের ভেতর থেকে ৫০২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
গ্রেফতার দুই মাদককারবারিকে আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।