
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের সোনারপাড়া গ্রামে দুইটি ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে আবাদি জমির উর্বর মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। প্রতিদিন ১৫ থেকে ২০টি কাকড়া ও ট্রাক্টরে করে এসব মাটি ভাটাসহ বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমি-একই সঙ্গে গ্রামীণ সড়কও হয়ে পড়ছে চলাচলের অযোগ্য।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আজগড়ি সোনারপাড়া এলাকায় সরেজমিনে দেখা যায়-প্রায় ৫ বিঘা জমির মাটি বিভিন্ন স্তরে কেটে ফেলে দেওয়া হয়েছে। ভারী ট্রাক্টর চলাচলের কারণে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়ে পরিবহন ও জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে।
স্থানীয়দের অভিযোগ-সুমন ও মোস্তফা নামের দুই ব্যক্তি দুইটি ভেকু দিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযোগ করেও সুফল না পাওয়ায় তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর বোয়ালি ইউনিয়নের বর্তমান ভূমি উপসহকারী কর্মকর্তা, একে মোহাম্মদ ফজলুল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। যারা মাটি কাটছেন তাদের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব দ্রুতই বিষয়টি থামানোর চেষ্টা করছি।
এদিকে গাইবান্ধা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (Uno) মাহমুদুল আল হাসান জানান,
আবাদি জমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া হয়েছে-দ্রুত অভিযান চালিয়ে ভেকু জব্দসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে।
এলাকাবাসী দ্রুত প্রশাসনিক অভিযান ও কঠোর ব্যবস্থার দাবিতে একমত পোষণ করেছেন, যাতে আবাদি জমি ও গ্রামীণ অবকাঠামো রক্ষা পায়।